খুবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে স্টুডেন্ট হ্যান্ডবুক বিতরণ
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে নতুনভাবে মুদ্রিত স্টুডেন্ট হ্যান্ডবুক বিতরণ করা হয়েছে। আজ ১০ জুন (বুধবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম স্টুডেন্ট হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন করেন। এ সময় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে হ্যান্ডবুক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও নীতিমালা মেনে চলার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা করতে হবে। তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জন, গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডে মনোনিবেশ করার আহ্বান জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও হ্যান্ডবুক মুদ্রণ কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
এ অনুষ্ঠানে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধান ও প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

