ঝিনাইদহ পুলিশের সাফল্য- উদ্ধার ৯১টি মোবাইল ফোন ফিরল মালিকদের হাতে

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-

ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ উদ্যোগে বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা ৯১টি চুরি হওয়া মোবাইল ফোন এবং প্রতারণা করে মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল।
ঝিনাইদহ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলায় অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমন এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এই উদ্ধার অভিযানে মূল ভূমিকা পালন করে। সেলটির সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাালগুলো উদ্ধার করতে সক্ষম হন। শুধু মোবাইল বা টাকাই নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া ৪০ জন ভুক্তভোগীকে দ্রুত ও কার্যকর সহায়তা দিয়েছে এই সেল। এছাড়া নিখোঁজ হওয়া ৪ জন ভিকটিমকেও উদ্ধার করেছে তারা।

মোবাইল ও অর্থ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মোসফেকুর রহমান। এছাড়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার ও পুলিশের ঊর্ধ্বতন ফোর্স সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সাইবার অপরাধ মোকাবিলা এবং সাইবার বুলিংয়ের শিকার ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই প্রযুক্তিনির্ভর সেবা এবং অপরাধ বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *