পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি

এম.ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের পূর্ব রাজাবাসর গ্রামে আজ দুপুর ২টার পর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তৌহিদুজ্জামানের বসতবাড়ির ও ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় তৌহিদুজ্জামান এলার্জির ওষুধ সেবন করে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তৌহিদুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়ন শাখার সভাপতি বলে জানা গেছে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল, শিক্ষাগত সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েম এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের নেতা ওসমান আলীসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *