চাঁদপুর পুলিশ লাইনে টিআরসি নিয়োগের ফল প্রকাশ স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ার প্রশংসা পুলিশ..
মোঃ জাবেদ হোসেনঃ গত ২৪ মে রোববার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হওয়া এ নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে প্রার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান বলেন, বাংলাদেশ পুলিশে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক সদস্য অন্তর্ভুক্ত করতে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে জনবান্ধব ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। নবনিযুক্ত কনস্টেবলদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এসব তরুণ সদস্য ভবিষ্যতে জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি নতুনদের মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত প্রার্থী ও তাদের স্বজনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ফলাফল ঘোষণার পর অনেক অভিভাবক সন্তোষ প্রকাশ করে বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে।

