তদবির-লেনদেন নয়, মেধা ও স্বচ্ছতায় পিরোজপুরে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেলেন – ২১ জন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর পিরোজপুর জেলার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় পিরোজপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পিরোজপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী।
এ সময় নিয়োগ বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, ভোলা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৮৪ জন পরীক্ষার্থী আবেদন করেন। প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই শেষে ৫১১ জনকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৯০ জন প্রার্থী। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পর ৪৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
পরবর্তীতে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে ২১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এর মধ্যে ২০ জন সাধারণ কোটায় এবং ১ জন মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়েছেন।নির্বাচিতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।চাকরি পাওয়া প্রার্থীরা জানান, কোনো ধরনের তদবির কিংবা অর্থ লেনদেন ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞ। ফলাফল ঘোষণার পর অনেককে আবেগাপ্লুত হয়ে আনন্দে কাঁদতে দেখা যায়, যা উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *