ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও অতর্কিত হামলার অভিযোগ, থানায় মামলার প্রস্তুতি

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এনসিপির এই নেতা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।
তিনি বলেন, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।
এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।
এর আগে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে!
একই দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
তিনি বলেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। রাজনীতিকে যারা সহিংস করে তুলছো তাদের কবর রচিত হবে। চোরকে চোর আর ডাকাতকে ডাকাত আমরা বলবোই। তোমরা যত বেশি উচ্ছৃঙ্খল আচরণ করবা। হ্যাডম দেখাবা তোমাদের পতন তত সন্নিকটে আসবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *