মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে দ্বিতীয় শ্রেণির ছাত্রী মারিয়ার করুণ পরিণতি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারিয়া খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মারিয়া খাতুন বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের রেজাউল শেখের মেয়ে।

স্বজনরা জানান, প্রায় পাঁচদিন আগে মারিয়া তার মামা রাকিবুল ইসলাম শেখের বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকাকালে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।

অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে মারিয়াকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আমিন উদ্দিন জানান, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।”

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট মারিয়ার অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *