নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত : চাঁদপুরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোঃ জাবেদ হোসেনঃ
নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরে ব্যাপক আয়োজনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গত ১৬ মে শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকার হাজারো নারী, নিম্ন আয়ের পরিবার ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন। পুরো কলেজ মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “একটি পরিবার তখনই এগিয়ে যায় যখন পরিবারের নারী সদস্য অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী হন। তাই নারীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে নিরাপত্তার আওতায় আনাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড শুধু একটি কার্ড নয়, এটি একটি পরিবারের অধিকার ও রাষ্ট্রীয় সহায়তা পাওয়ার নিশ্চয়তা। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চিকিৎসা সহায়তা, ভর্তুকি সুবিধা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসবেন।”
জানা যায়, সরকারের এই বিশেষ উদ্যোগের আওতায় প্রথম পর্যায়ে চাঁদপুর জেলার কয়েক হাজার পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে। কার্ডধারীরা নির্ধারিত ডিলারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতেও এই কার্ড ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারের এই উদ্যোগ নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারে সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়াবে। এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দরিদ্র পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।
চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নারী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় উপকারভোগী নারীদের হাতে প্রতীকীভাবে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন নারী উপকারভোগী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের এমন উদ্যোগ তাদের পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং নারী সমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের চলমান কার্যক্রম আরও বিস্তৃত করার আশ্বাস দেন। তিনি বলেন, “বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে সরকার জনগণের পাশে থেকে কাজ করে যাবে।”

