পিরোজপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী। তিনি বলেন, “অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়। সঠিক পরিচর্যা, শিক্ষা ও সামাজিক সহায়তা পেলে অটিজমে আক্রান্ত শিশুরাও সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে। তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও সমঅধিকার নিশ্চিত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।”
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল কবিরের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন , শহর সমাজসেবা অফিসার মোঃ মাসুম বিল্লাহ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক মোঃ জিয়াউল আহসান, ব্র্যাক এনজিও’র কো-অর্ডিনেটর মোঃ জাহিদুর রহমান এবং স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, অটিজম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব। এ লক্ষ্যে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।এসময় আরও উপস্থিত ছিলেন পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম চৌধুরীসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *