নামিদামি মোড়কে নকল স্যালাইন-শিশুখাদ্যে বাজার সয়লাব
ডেস্ক রিপোর্ট:
সাভার আশুলিয়ায় নামিদামি কোম্পানির মোড়কে খাবার স্যালাইন থেকে শুরু করে ম্যাংগো জেল বার পর্যন্ত সব নকল পণ্য বাজার সয়লাব। সেখান থেকে টেস্টি আম হজমি, পালস্, চকলেট, টেস্টি ডাব প্লাস, ভিটাসি সিভিট ও কাফ চকলেট উৎপাদন করা অবস্থায় হাতেনাতে ধরা পড়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ঢাকা উইংয়ের গোপন তথ্যের ভিত্তিতে একটি নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, আশুলিয়ায় বেস্ট টেস্টি ফুড ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধ কারখানায় এসব স্পর্শকাতর খাদ্য পণ্য উৎপাদন করে আসছে। এনএসআই ঢাকা উইং, আশুলিয়া থানা পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে।
ঢাকা জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভোক্তা অধিকার তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এনএসআই ও পুলিশের সহযোগিতা নিয়ে সাভার আশুলিয়ায় এই কারখানায় অভিযান চালানো হয়। এর কারখানায় ওষুধ প্রশিক্ষণের পক্ষ থেকে কোন অনুমোদন নাই।
তিনি বলেন, এই কারখানা থেকে ৪৫ কাটুন স্যালাইন জব্দ করা হয়েছে। এছাড়া যেসব স্যালাইন বাজারজাত করা হয়েছে তা ফেরত নিয়ে আসার জন্য বলা হয়েছে। যা ধ্বংস করা হবে। এছাড়া অন্যান্য চকলেট জাতীয় পণ্যে তারা যে ফ্লেভার ব্যবহার করছেন সেটা সঠিক সোর্স থেকে সংগ্রহ করা হয়নি। এক সপ্তাহের মধ্যেই তাদেরকে কারখানার সকল কাগজপত্র ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে। না হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে বলে জানান তিনি।

