জামালপুরে চঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যা মামলার রহস্য উন্মোচন, ৪ আসামী গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) শেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৮ মে) রাত ২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বন্ধভাট পাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো: সাইদুল ইসলাম (৪৫), গরুচরণ দুধনই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো: আসমত আলী (৩২), পূর্ব বাকাকুড়া এলাকার হায়দর আলীর ছেলে মো: খুরুম (২৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার কাজীর পাড়া এলাকার বাদশা শেখের ছেলে সুজন (২২)।
মামলা সূত্রে জানা গেছে , গত ৬ এপ্রিল ভোরে মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে জুয়েল শেখ (৩০) অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি হতে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে ৭ এপ্রিল সকালে ইসলামপুর উপজেলার পশ্চিম শংকরপুর এলাকায় একটি ভুট্টা ক্ষেতে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসলামপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। পুলিশ মামলাটি তদন্ত করে গতকাল বৃহস্পতিবার (৭ মে) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অভিযান পরিচালনা করে ওই ৪ আসামীকে গ্রেফতার করে। এ সময় হত্যাকাণ্ডে লুট হওয়া নিহতের অটোরিকশা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পূর্ব বাকাকুড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
তদন্তে প্রাথমিক ভাবে জানা যায়, আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে জুয়েল শেখকে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল ফোন লুট করে এবং লাশ গুমের উদ্দেশ্যে ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।

এ বিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *