বটিয়াঘাটায় ইজিবাইক মালিক-চালক সমিতির উদ্যোগে মহান “মে দিবস” উদযাপন

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আজ মে দিবস। সারা দেশের ন্যায় খুলনার বটিয়াঘাটাতে “ইজিবাইক মালিক-চালক সমিতি” তাদের নিজ উদ্যোগে “মে দিবস” পালন করেছে। মে দিবস উপলক্ষ্যে গতকাল এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইজিবাইক সমিতি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক হাফিজ মলঙ্গী, যুগ্ম আহ্বায়ক মোঃ নূর ইসলাম, সদস্য সচিব মোঃ সাগর সরদার, মোঃ মাহিনুর ইসলাম এবং মোঃ মিরাজ ফরাজি। র‍্যালিটি বটিয়াঘাটা উপজেলা প্রদক্ষিণ করে বিভিন্ন প্রধান সড়ক ঘুরে শেষে বটিয়াঘাটা নতুন বাস স্ট্যান্ডে মিলিত হয়। সভায় ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। শ্রমজীবীদের অধিকার, নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন এবং সমিতির কার্যক্রমকে শক্তিশালী করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবীদের জন্য একতা ও সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা সমিতির সকল কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।
উক্ত আয়োজনের মাধ্যমে বটিয়াঘাটার ইজিবাইক মালিক-চালক সমিতি শ্রমজীবীদের মধ্যে ঐক্য ও সহযোগিতার একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *