অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা: ঢাকায় স্ত্রীসহ ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতা বাবলু গ্রেপ্তার

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও ।

অর্থ আত্মসাৎ এবং জাল চেকের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির প্রভাবশালী নেতা ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলুকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুল ইসলাম বাবলু ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ পূর্বপারপুগী এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। তার সাথে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী আইরিন আক্তার, যিনি সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে হাবিবুল ইসলাম বাবলুর বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। বিশেষ করে জাল চেকের মাধ্যমে বড় অংকের আর্থিক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি বিশেষ টিম বুধবার দিবাগত রাতে গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গণমাধ্যমকে জানান, বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আত্মগোপনে থাকা অবস্থায় প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁওয়ের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বড় ব্যবসায়ী হিসেবে হাবিবুল ইসলাম বাবলুর গ্রেপ্তারের খবর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এটি এখন প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। প্রতারণার মাধ্যমে কত টাকা আত্মসাৎ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মামলার বাদীপক্ষের দাবি, বাবলু প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অনেকের পাওনা টাকা পরিশোধ না করে প্রতারণা করে আসছিলেন। পুলিশ জানিয়েছে, মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *