পিরোজপুরে পুলিশে টিআরসি নিয়োগ: দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম শনিবার (২৫ এপ্রিল) সম্পন্ন হয়েছে। প্রথম দিনের বাছাইকৃত প্রার্থীদের নিয়ে এদিন সকাল থেকেই শুরু হয় পরবর্তী ধাপের পরীক্ষা।
পিরোজপুর পুলিশ লাইনস্ মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শেষে অনুষ্ঠিত হয় Physical Endurance Test (PET)। এতে ধারাবাহিকভাবে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প—এই চারটি ইভেন্টের মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।
দিনশেষে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালাল চক্রের সাথে সম্পৃক্ত না হতে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় তিনি চাকরি প্রার্থীদের নিয়োগ বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *