২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না: সংসদে অভিযোগ রুমিন ফারহানা
সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১৯৪০ টাকা। কিন্তু ২২০০ টাকা নিচে কোথাও গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না বলে সংসদে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি বিদ্যুতের চুলার কথা উল্লেখ করে বলেন, ঢাকা শহরে লোডশেডিং এক থেকে দুই ঘণ্টা হলেও গ্রামে সেটা ১৪ ঘণ্টা পর্যন্ত পৌঁছেছে। গ্যাস ছাড়া চুলার জ্বালানি নেই। বৃহস্পতিবার সংসদের বৈঠকে ‘বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব’র আলোচনার সুযোগ নিয়ে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব আনেন রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়াকে গ্যাসসমৃদ্ধ জেলা বললেও এখানের মানুষ গ্যাসের সুবিধা পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন।
রুমিন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না।’ তিনি সরাইলের আবাসিক গ্রাহকদের দুর্ভোগের কথা তুলে ধরেন, যেখানে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না। শীতে এই সমস্যা আরও বাড়ে বলেও তিনি জানান।
তিনি অভিযোগ করেন, ২০১৬ সালে বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ হলেও অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না। এলপিজির দাম ২২০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় সরবরাহ কমেছে। তিনি জানান, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। মন্ত্রী পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, তারা গ্যাস উত্তোলনের জন্য কোনো অনুসন্ধান করেনি।
মন্ত্রী আরও জানান, দেশের পরিত্যক্ত গ্যাসক্ষেত্র থেকে অবশিষ্ট গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সাহায্য করবে। রুমিন ফারহানা আশুগঞ্জ সার কারখানার গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে বলেন, গ্যাস সরবরাহ হলে এলাকাবাসীর জন্য তা লাভজনক হবে।
জ্বালানি মন্ত্রী জানান, কৃষির কথা চিন্তা করে আগামী ১ মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

