শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতর মুসাদ্দিকের ওপর হামলা
স্টাফ রিপোটার:
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে দেয়াললিখনকে ঘিরে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানায় এ ঘটনা ঘটে।
এক পর্যায়ে থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার ঘটনা ঘটে। থানার ভেতরে ঢাকসুর আরেক নেতা এ বি জুবায়েরও আটকা পড়েছেন।
সন্ধ্যায় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক এবং এ বি জুবায়েরের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে মুসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। এ সময় থানার ভেতরে ঢুকে মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জুবায়েরও সেখানে আটকা পড়েন বলে জানা গেছে।
এদিকে হামলার ঘটনার পর খবর পেয়ে শাহবাগ থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরা। পরবর্তীতে দীর্ঘক্ষণ উভয়-পক্ষের কথোপকথনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একপর্যায়ে উভয়পক্ষ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিন করে। সাদিক কায়েমের অভিযোগ, একটি ফেইক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করেছে ছাত্রদল। যাকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে, তিনি শাহবাগ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে আসলে ছাত্রদলের নেতৃত্বে হামলা করা হয় বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

