“পীর হত্যার প্রকৃত আসামিদের বদলে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা হয়েছে”
ডেস্ক সংবাদ:
কুষ্টিয়ায় পীর হত্যাকাণ্ডে প্রকৃত আসামিদের বাদ দিয়ে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) সহ সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাদিক কায়েম ।
রবিবার(১৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোষ্টে তিনি এমন কথা বলেন । ওই পোস্টে একটি জাতীয় দৈনিকের ‘কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, হামলায় সামনের সারিতে ছাত্রদল নেতাকর্মী’ শীর্ষক প্রতিবেদন সামনে এনে ক্যাপশনে লেখেন “কুষ্টিয়ায় পীর হত্যাকাণ্ডে প্রকৃত আসামিদের বাদ দিয়ে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়েছে। ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম সারির কয়েকটি গণমাধ্যম। এতে দেখা যাচ্ছে, হামলার সামনের সারিতে রয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মারুফ, সভাপতি প্রার্থী বকুল, ছাত্রদল নেতা যুবায়ের আহমেদ এবং যুবদল নেতা রাসেল ও মিঠুনসহ আরও অনেকে। যাদের কাউকেই মামলায় আসামি করা হয়নি।”
তিনি আরো বলেন, “উল্টো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি খাজা আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। অথচ ঘটনার আগে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে ফোন করে অনুরোধ করেছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। স্পষ্টতই তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতে এই ষড়যন্ত্র করা হয়েছে। অবিলম্বে খাজা আহমেদের বিরুদ্ধে দায়ের করা এই বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা বন্ধ করতে হবে। একইসাথে ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া প্রকৃত খুনিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে একটি স্বচ্ছ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

