পিরোজপুরে ডিবি হেফাজতে নির্যাতনের অভিযোগ: ওসি আরিফসহ দুই কনস্টেবল প্রত্যাহার
স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের নামে এক ব্যক্তিকে বর্বর নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ ইউনুস বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, গত সোমবার (১৩ এপ্রিল) টাকা চুরির অভিযোগে ইউনুসকে আটক করে ডিবি পুলিশ। পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাকে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করা হয়। এমনকি তার শরীরের সংবেদনশীল স্থানে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগও রয়েছে।পরিবারের সদস্যরা জানান, ঘটনাটি গোপন রাখতে প্রথমে তাকে সরকারি হাসপাতালে ভর্তি না করে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হয় এবং প্রকৃত ঘটনা প্রকাশে বাধা দেওয়া হয়। পরদিন (১৪ এপ্রিল) পুলিশ সুপারের নির্দেশে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও নির্যাতনের ঘটনা গোপন রাখতে চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।ইউনুসের ভাই আনিসুর রহমান বলেন, “আমার ভাইয়ের সঙ্গে চরম অমানবিক আচরণ করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।অভিযুক্ত ডিবি কর্মকর্তা আরিফুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মজনুর আহম্মেদ সিদ্দিকি জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ডিবির ওসি আরিফুল ইসলামসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।শুক্রবার (১৭ এপ্রিল) ইউনুসের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হাওলাদার জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং সংবেদনশীল স্থানে পোড়ার আলামত পাওয়া গেছে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

