পার্বতীপুরে র্যাবের অভিযান ১২০০ লিটার পেট্রোল জব্দ, গুদাম মালিককে জরিমানা
এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রোল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
আজ শনিবার বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, নীলফামারী সিপিসি-২ র্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল বাস টার্মিনাল সংলগ্ন রায়হানুল ইসলামের গুদামে হানা দেয়। এসময় সেখানে অবৈধভাবে মজুত করে রাখা ১২০০ লিটার পেট্রোল পাওয়া যায়। রায়হানুল ইসলাম হুগলীপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধ মজুতের দায়ে তিনি গুদাম মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে জব্দকৃত পেট্রোল খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।
র্যাব জানায়, জনস্বার্থে এবং জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

