চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর এর উপস্থাপনায় এবং চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ রবিউল হাসান মহোদয়ের সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং দাপ্তরিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
এসময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় এবং সেগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
পরবর্তীতে অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান মামলার অগ্রগতি, অপরাধ দমন কার্যক্রম, মাদক ও চুরি-ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও সক্রিয় ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।
এছাড়াও জেলা বিশেষ শাখার ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *