গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল, ২৪-এর অর্জন রক্ষা না হলে ২৬-২৭ সালে একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে : এনসিপি
বিভাগীয় প্রধান, খুলনা:
গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা শনিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে হাদীস পার্কের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
ছাত্রশিবিরের মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, মহানগরীর সাবেক সভাপতি ও মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, মুশাররফ আনসারী ও জাহিদুর রহমান নাঈম।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় মেনে না নেয়ার অর্থ হচ্ছে ফ্যাসিজম প্রতিষ্ঠা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতিকে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার অনুরোধ জানিয়ে এখন জনরায় মেনে নিচ্ছেন না। কীভাবে জনরায় বাস্তবায়ন করা লাগে জনগণ সেটি ভালো করেই জানে। সোজা পথে না আসলে জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা (বিএনপি সরকার) প্রায়ই বলেন যে আগামী ১৫-২০ বছরেও দেশে কোনো গণ-অভ্যুত্থান হবে না। কিন্তু ইতিহাসে এর নজির রয়েছে। ৬৯-এর গণ-অভ্যুত্থানের অর্জন যখন রক্ষা করা যায়নি, তখনই ৭১ সংঘটিত হয়েছিল। একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অর্জন ও চেতনা যদি রক্ষা করা না যায়, তবে ২০২৬ বা ২০২৭ সালে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। রবিবার (৫ এপ্রিল) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

