চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যানঘাট এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মোঃ আব্দুল্লাহ ডাক্তার (২ বছর ৬ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায় খন্দকার বাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ছোট্ট আব্দুল্লাহ। খেলতে খেলতে অসাবধানতাবশত সে হঠাৎ করে রাস্তার ওপর চলে আসে। ঠিক সেই সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। তার স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও এলাকাজুড়ে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহত মোঃ আব্দুল্লাহ ডাক্তার চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডি ইউনিয়নের বাসিন্দা জহির ডাক্তারের পুত্র। এত অল্প বয়সে তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীর মাঝে গভীর শোক ও বেদনার সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় সড়কে যানবাহন চলাচল তুলনামূলক বেশি হলেও শিশুদের নিরাপত্তার জন্য তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
এদিকে, দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী ও এলাকাবাসী নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অনেকেই এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি চালকদের দায়িত্বশীল আচরণের উপর গুরুত্বারোপ করেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এ ধরনের দুর্ঘটনা রোধে শিশুদের প্রতি বিশেষ নজরদারি, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চালকদের সতর্কতা অত্যন্ত জরুরি বলে সচেতন মহল মনে করছেন।

