পিরোজপুরে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রথম পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা বিদ্যালয় ও আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ চন্দ্র হালদারের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আবদুল আউয়ালের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আল আমিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর আলম এবং ১৯৬৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মোঃ আব্দুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের অতীত ঐতিহ্য, শিক্ষার মান উন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি আদর্শ শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুনর্মিলনীটি ছিল স্মৃতিচারণ, আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *