চাঁদপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় জনসমুদ্র হাজারো মানুষের আবেগঘন অংশগ্রহণ, অশ্রুসিক্ত পরিবেশ

মোঃ জাবেদ হোসেন, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। জনসমুদ্রে পরিণত হয় পুরো জানাজা মাঠ। আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নিয়ে অনেককে অঝোরে কাঁদতে দেখা যায়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী আসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ জানাজা মাঠে আসতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই মাঠ ও আশপাশের সড়কসমূহে মানুষের ভিড় উপচে পড়ে।
গায়েবানা জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ভুলে সবাই একত্রিত হন একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে।
জানাজা চলাকালে মাঠজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন ও শোকাবহ পরিবেশ। অনেক নেতাকর্মীকে চোখের জল ধরে রাখতে না পেরে কাঁদতে দেখা যায়। দোয়া ও মোনাজাতে দেশ, জাতি এবং গণতন্ত্রের জন্য দোয়া করা হয়।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার রক্ষায় তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি।
বক্তারা আরও বলেন, তার রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রামের পথ অনুসরণ করেই ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের রাজনীতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
গায়েবানা জানাজা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। পুরো আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *