শেখ হাসিনা ‘বাংলার ইয়াজিদ’: এনসিপি নেত্রী সামান্থা

নিজস্ব প্রতিনিধি:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রবিবার (৭ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সামান্থা লিখেছেন, ইমাম হোসেন (রা.) ও তাঁর সাথী-সঙ্গীদের আত্মত্যাগ মানব ইতিহাসে ন্যায়বিচার, সত্য ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। গাজা থেকে বাংলাদেশ- পৃথিবীর প্রতিটি জনপদে উপনিবেশ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে শক্তি-সাহস, আত্মমর্যাদা আর আত্মত্যাগের অনিঃশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে কারবালার ইতিহাস। কারবালার নারীদের সংগ্রামের কথা স্মরণ করে এনসিপির এ নেত্রী আরও লিখেছেন, উম্মে লাইলা, রাবাব বিনতে ইমরুল কায়েস, হযরত জয়নাব (আল্লাহ তাঁদের ওপর রহমত বর্ষণ করুন)- তাঁদের মতো কারবালার নারীদের ত্যাগ দুনিয়ার প্রকৃত মুক্তিকামী, আত্মমর্যাদাশীল নারীদের জন্য উত্তম দৃষ্টান্ত। স্বামী-সন্তান, পিতা-ভ্রাতার শাহাদাত তাঁদের হৃদয়ে ভীতির সঞ্চার করতে পারেনি, জালিমের কাছে তাঁরা নতি স্বীকার করেননি—বরং তাঁরা ছিলেন দৃঢ় ও মর্যাদাবান।

তিনি আরও লিখেছেন, এই দুনিয়ায় প্রতিটি জনপদ কারবালা, প্রতিটি দিন আশুরা। জুলাইয়ের সেই তরুণীর স্মৃতির প্রতি আমাদের এক প্রতিশ্রুতি রয়েছে, যিনি আমাদের প্রতি প্রশ্ন রেখে গেছেন- ‘আমার কি বিধবা হবার বয়স হইছে?’সামান্থা লিখেছেন, বাংলার ইয়াজিদ হাসিনার গুম-খুন-ক্রসফায়ারে কত নারীকে অকাল বৈধব্য বরণ করতে হয়েছে! এই সব কাহিনি একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ মলিন হয়ে পড়বে। সবশেষে তিনি লিখেছেন, দুনিয়ার প্রতিটি জনপদে নারীদের সন্তান হারানোর শোক ও অকাল বৈধব্যের নিদারুণ বিরহ থেকে মুক্তির জন্য নারী-অধিকার প্রশ্নে আমাদের চিন্তা-ভাবনাগুলো পুনর্মূল্যায়ন করা আজ জরুরি হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *