নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে আদালত অবমাননা করায় শোকজ

নাটোর প্রতিনিধি:
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবুল হায়াতকে নাটোরের লালপুর আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম মঙ্গলবার আদালতের আদেশ অমান্য করার কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

লালপুর আমলী আদালতের স্টেনোগ্রাফার মো: নাজমুল ইসলাম কারণ দর্শানোর আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, লালপুর থানার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে আদেশ দেন আদালত। কিন্তু মামলাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল হায়াত নিজে তদন্ত না করে লালপুরের সহকারী কমিশনার (ভূমি) মো: আজিজুল কবিরকে তদন্ত করান এবং সহকারী কমিশনার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। মামলাটি নিজে তদন্ত না করে এসিল্যান্ডকে দিয়ে তদন্ত করানোর বিষয়টি আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন,দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করে মো: আবুল হায়াতের বিরুদ্ধে কেন আদালত অবমাননার প্রসিডিং গ্রহন করা হবে না সেই কারণ জানাতে আগামী ২২ জুনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে আদেশ দেন ম্যাজিস্টেট। লিখিত কারণ দর্শানোর ব্যর্থতায় আইনানুগ আদেশ দেয়া হবে বলেও আদেশে উল্লেখ করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৭ মে লালপুর থানার দুরদুরিয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামের মো: ইদু সরকার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার দাখিল করেন যে, মো: রবিউলসহ ৪ জন আসামি তার জমি জোরপূর্বক ভোগ দখল করছে। এরপর ১৭ মে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আদেশ দেন ম্যাজিস্ট্রট। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ২৪ মে লালপুরের সহকারি কমিশনার ভূমিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দেন। এরপর সহকারী কমিশনার লালপুর গত ২৬ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (এডিসি) মো: আবুল হায়াত বলেন, ‘কারণ দর্শানোর চিঠি এখনো হাতে পাইনি। পেলে তার জবাব দিব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *