কুষ্টিয়ার মনোহারদিয়া ইউনিয়নের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণের ৪০ দিন পর জীবিত উদ্ধার

মোঃ তাছবিরুল ইসলাম তন্ময় বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন মনোহারদিয়া ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণের ৪০ দিন পর জীবিত উদ্ধার করেছে ইবি থানা পুলিশ। ওই ছাত্রীর পিতা জানান, গত ৩০শে আগস্ট আমার মেয়ে অপহরণ হয়। পরবর্তীতে আমি জানতে পারি যে ইবি থানা এলাকার বলরামপুর গ্রামের আমজাদ মোল্লার ছেলে আসিফ মোল্লা (২২) আমার মেয়েকে অপহরণ করেছে। এ বিষয়ে আমি ইবি থানার গত ৬ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করি। যার মামলা নং-৩। এরপর থেকেই আসিফের চাচা সায়েম মোল্লা, মসলেম মোল্লা, ইসলাম মোল্লা, শাফায়েত মোল্লা ও সাকুল মোল্লা মামলা তুলে নেয়ার জন্য আমাকে হুমকি প্রদান করতে থাকে। এ বিষয়ে আবারো ইবি থানায় গত ০৮/০৯/২০১৮ তারিখে একটি সাধারণ ডায়েরি করি। যার সাধারণ ডায়েরি নং-৩২৮। আজ (মঙ্গলবার) দুপুরে ইবি থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আমাকে ফোন দিয়ে মেয়েকে পাওয়া গেছে এমন সংবাদ দিলে আমি থানায় যায়। পরে জানতে পারি যে তাকে ভবানীপুর থেকে উদ্ধার করা হয়েছে। এখনো আমাকে হুমকি প্রদান করছে আব্দুল হামিদ নামের এক নেতা। এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী নিখোঁজের পর তার পিতা বাদী হয়ে ইবি থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর আমরা মোবাইল প্রযুক্তি ব্যবহার করে আজ (মঙ্গলবার) চুয়াডাঙ্গা থেকে মেয়েটাকে উদ্ধার করি। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল (বুধবার) ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হবে। ডাক্তারি পরীক্ষা শেষে তাকে ২২ ধারায় জবানবন্দির নেয়ার জন্য আবেদন করা হবে। তিনি আরো জানান, আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। অতি শীঘ্রই মোবাইল প্রযুক্তির মাধ্যমে আসামিদের আটক করা হবে বলেও জানান তিনি।
