ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় সংঘর্ষ


রংপুর প্রতিনিধি: ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) রাত ৮টায় রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার উপস্থিতিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। পরে রংপুরের জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। এ সময় বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক বিপিএম, পিপিএম, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *