শেরপুরে বছরের প্রথম দিনেই বই পেল সোয়া ৪ লাখ শিক্ষার্থী

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি : শেরপুরে ২০১৭ শিক্ষাবর্ষে জেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের আওতায় ৪ লাখ ২৪ হাজার ৯শ ৬২ জন শিক্ষার্থীর হাতে ৩৩ লাখ ৮২ হাজার ৪শ ৯ টি নতুন বই তুলে দেওয়া হয়েছে।
বই উৎসব উপলক্ষে ১ জানুয়ারি রোববার সকালে শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি ভিক্টোরিয়া একাডেমী ও ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক প্রমুখ।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্র জানায়, চলতি বছর জেলায় প্রাথমিকে ১ হাজার ৮শ ১১টি বিদ্যালয়ের ২ লাখ ৫৯ হাজার ৯শ ৫২ জন শিক্ষার্থীকে ১১ লাখ ৬৬ হাজার ৮শ ৬৯ টি বই এবং মাধ্যমিকে ৩শ ১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৬৬ হাজার ১০ জন শিক্ষার্থীকে ২২ লাখ ১৫ হাজার ৫শ ৪০টি বই প্রদান করা হচ্ছে।
