মানবেতর জীবন যাপন করছেন ধামরাইয়ের কালামপুর সাব-রেজিঃ অফিসের নকলনবিসরা
ষ্টার্ফ রিপোর্টার আবুল কাশেম : সরকারি ও বেসরকারীর বিভিন্ন দফতরে নিয়োজিত স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন ঘটলেও দেশের সকল সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিসদের (এক্সট্রা মোহরার) কোন ভাগ্যের পরিবর্তন ঘটেনি। ঢাকার নিকটবর্তী ধামরাই উপজেলার কালামপুর সাব-রেজিঃ অফিসের নকলনবিস বা এক্সট্রা মোহরার দীর্ঘ প্রায় ১১ মাস যাবৎ তারা তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হওয়ায় তারা চরম মানবেতর ভিতর দিয়ে জীবন যাপন করে আসছে। ধামরাইয়ের কালামপুর সাব-রেজিঃ অফিসে প্রায় ৪০ থেকে ৪৫ জন নকলনবিস (এক্সট্রা মোহরার) চলতি বছরের দীর্ঘ ১১ মাস ধরে কঠোর পরিশ্রমের সাথে তারা নিয়মিত কাজ করে আসছে। অথচ, এখন পর্যন্ত তারা তাদের কাজের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এ বিষয়ে ধামরাইয়ের কালামপুর সাব-রেজিঃ অফিসের এক ভুক্তভোগী নকলনবিস মোঃ সাত্তারের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ১১ মাস ধরে আমরা ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় বাসা ভাড়া ও মুদি দোকানের বকেয়া টাকা কিভাবে পরিশোধ করবো তা ভেবে কোন কুল কিনারা পাচ্ছিনা। তিনি আরো বলেন, সরকারী স্কেলভুক্ত, বকেয়া পারিশ্রমিক বিল পরিশোধ ও বিভিন্ন ধরনের অনিয়ম বন্ধের দাবীতে মানববন্ধন, মৌনমিছিল ও স্মারকলিপি পেশ করেছেন দেশের সকল সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিসরা । তিনি আরো বলেন, এক মাস বেতন ছাড়া সংসার চালাতে হিমশিম খেতে হয় অথচ দীর্ঘ ১১ মাস বেতন ছাড়া কাজ করে আসছি। কিভাবে জীবন যাপন করছি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এই নকলনবিসরাই (এক্সট্রা মোহরার) হচ্ছে সাব-রেজিস্ট্রি অফিসের প্রাণ। প্রসঙ্গত, নকলনবিসরা গড়ে প্রতি মাসে প্রায় ৪/৫ হাজার টাকা পেলেও কখনও কখনও তাদের এই মাসভিত্তিক টাকা পরিশোধ করা হয় না। অথচ পার্শ¦বর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে ১৯৬৭ সালে নকলনবিসদের (এক্সট্রা মোহরার) সরকারি চাকুরির প্রয়োজনীয় সকল সুবিধা দেওয়া হয়ে থাকে । শুধু তাই নয় ১৯৭৮ সালে নকলনবিস (এক্সট্রা মোহরার) চাকুরিটি একেবারে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। বিশেষ সূত্রে জানা যায়, দেশজুড়ে প্রায় ৪৭৭টি সাব-রেজিস্ট্রি অফিসে এরকম ভুক্তভোগী নকলনবিসদের সংখ্যা প্রায় ১৫ হাজার। ইতিমধ্যে বিষয়টি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নজরে এনেছেন নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক খান মোঃ আব্দুল মান্নান। প্রতি মাসে তারা যেন তাদের পারিশ্রমিক বুঝে পান সে বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রীসহ অর্থমন্ত্রীর আশু সুদৃষ্টি কামনা করেন এখানকার নকলনবিসরা ।
