র্যাব অভিযানে- বদলগাছীতে ভেজাল খাদ্য দ্রব্য উদ্ধার ৬০ হাজার টাকা জরিমানা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জয়পুরহাট র্যাব ক্যাম্প -৫ এর একটি দল অভিযান চালিয়ে কোলা বাজার এলাকায় ৩ ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীতে তল্লাসি চালিয়ে বিপুল পরিমান ভেজাল খাদ্য দ্রব্য উদ্ধার করে ধ্বংস করে ৩ ফ্যাক্টরী মালিকের মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে। জানা যায় কোলা বাজার এলাকায় গড়ে উঠা ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীতে দীর্ঘদিন থেকে পচা ও পোকা খাওয়া গমের আটা বা ময়দা দিয়ে পাউরুটি, কেক, বিস্কুট সহ নানা ধরনের বেকারী খাদ্য দ্রব্য তৈরী করে বাজারে বিক্রি করে আসছে। এসব খাদ্যদ্রব্যে ভেজাল ও বাসি তেল ব্যবহার করা হয়। এলাকাবাসী জানায় মুরগীর ফার্ম থেকে নাম মাত্র মূল্য দিয়ে পচা ডিম সংগ্রহ করে পাউরুটি, কেক তৈরী করা হয়। এছাড়া দোকানে অবিক্রিত পাউরুটি ফ্যাক্টরীতে ফেরৎ আসে। পরবর্তীতে ফেরৎ আসা পচা পাউরুটি দিয়ে টোষ্ট বিস্কুট তৈরি করে আবারও বাজারজাত করা হয়। গত সোমবার বেলা ১টার পর জয়পুরহাট র্যাব ক্যাম্প-৫ এর সদস্য মেজর আব্দুর রহিম এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৩ ফ্যাক্টরী থেকে ভেজাল তেলসহ বিপুল পরিমান ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার করে ধ্বংস করা হয় এবং হালিম ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক আব্দুল হামিদ বাবুর ১০ হাজার, সুমন ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক বজলুর রহমান ২০ হাজার, সাদিয়া ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক সাহিনুর ইসলাম সাহিন এর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। র্যাব অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
