বাগেরহাটের মোরেলগঞ্জে ভন্ড ওঁঝাসহ ২ জনের কারাদন্ড : ৩ রোগী উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে আজিজ হাওলাদার(৫৫) নামে এক ওঁঝাকে ১ হাজার টাকা জরিমানা ১ বছরের কারাদন্ড ও বাল্য বিয়ের অপরাধে রিমন খন্দকার(২৩) নামে এক যুবককে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আব্দুল হালিম শুক্রবার রাত ৮টায় এ দন্ড দিয়ে কথিত ওঁঝা আজিজ হাওলাদার ও রিমনকে পুলিশে সোপর্দ করেন। কথিত এ প্রতারক ওঁঝার বাড়ি থেকে উদ্ধারকৃত পটুয়াখালী থেকে চিকিৎসা নিতে আসা ৩ রোগীর ৩৯ হাজার ৫শ’ টাকাও ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কথিত ওঁঝা আজিজ ওরফে রূহানি হুজুর খাউলিয়া গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। তার শিক্ষাগত যোগ্যতা মাত্র ৮ম শ্রেণি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম জানান, চিকিৎসার নামে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় ওঁঝা আজিজের বাড়িতে হাজির হন তিনি। এ সময় পটুয়াখালীর চরপাড়া গ্রামের জয়নাল আবেদিন আকন(৫০), কহিনুর বেগম(২৫) ও ফারজানা আক্তার(১২)কে ওঁঝার বাড়ি থেকে উদ্ধার করেন। এক হাত ও এক পা ভাঙ্গা উদ্ধারকৃত জয়নাল আবেদীন জানান, তিনি ৫০ হাজার টাকা চুক্তিতে এখানে ১ মাস পূর্বে ভর্তি হয়েছেন। এক মাসে ২৮ হাজার টাকা তার নিকট থেকে নিয়েছেন হুজুর বেশে ওই ওঁঝা। কহিনুর বেগম কিডনীর চিকিৎসার জন্য দিয়েছেন ৮ হাজার ও ফারজানা আক্তার গলগন্ড রোগের জন্য দিয়েছেন সাড়ে ৩ হাজার টাকা। দীর্ঘ দিন এখানে চিকিৎসার নামে আটক থাকার পরও কারো কোন উন্নতি না হওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার গোচরে আসে। শুক্রবার ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল হাকিম ভন্ড ওঁঝা আজিজকে ১ বছরের কারাদন্ড ও রোগীদের ৩৯ হাজার ৫শ’ টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। এ সময় আজিজের ৩ স্ত্রীর মধ্যে দু’জন উপস্থিত ছিলেন। রাত ৮টায় এ রায় ঘোষনার সময় বাগেরহাট জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দীকী উপস্থিত ছিলেন।
অপরদিকে, শুক্রবার সকালে বাল্য বিয়ের অপরাধে আমিনুল ইসলাম রিমন (২৩) নামে এক যুবককে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে শ্রেনিখালী গ্রামের সোবাহান খন্দকারের ছেলে। কনের বয়স ১৮ বছর না হতেই বিয়ে করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম রিমনকে কারাদন্ড দেন। থানা পুলিশ জানায়, জন্ম সনদ অনুযায়ী কনের বয়স ১৭ বছর ১০ মাস ২৬ দিন। অর্থাৎ, ১৮ বছর পূর্ণ হতে এখনো ১ মাস ৪দিন বাকী রয়েছে কনের।

