খুলনায় এক দিনে ৭ স্থানে গুলি, নিহত ১ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নগরজুড়ে আতঙ্ক

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনায় এক দিনে নগরী ও আশপাশের সাতটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এসব হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে রাতে দৌলতপুরে গুলিতে আব্দুল হালিম (সাবেক আওয়ামী লীগ নেতা) নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনভর সদর, লবণচরা, সোনাডাঙ্গা, আড়ংঘাটা ও খানজাহান আলী থানা এলাকায় বসতবাড়ি, রেস্টুরেন্ট, চায়ের দোকান ও পাটকল লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। কয়েকটি ঘটনায় বিভিন্ন বাহিনীর পরিচয়ে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

সকাল সোয়া ১১টায় সদর থানার বেলায়েত হোসেন সড়কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিকেলে লবণচরায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি, সোনাডাঙ্গায় পালংকি রেস্টুরেন্ট, আড়ংঘাটায় চায়ের দোকান এবং খানজাহান আলীতে সোনালী জুট মিলের সামনে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। সন্ধ্যার পর লবণচরার পশ্চিম টুটপাড়ায় আরেকটি বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। চায়ের দোকানে গুলির শব্দে প্রাণভয়ে কয়েকজন নদীতে ঝাঁপ দেন।

সবশেষ রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় ঠিকাদার ও ঘের ব্যবসায়ী আব্দুল হালিমকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এক দিনে সাতটি স্থানে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, আগাম হুমকির অভিযোগ থাকার পরও হামলার ঘটনা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায় জানান, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *