রায়পুরায় মরজালে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু, থানায় মামলা

বিশেষ প্রতিনিধ নরসিংদীর
রায়পুরায় স্বামীর বিরুদ্ধে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে গুরুতর দগ্ধ এক গৃহবধূ চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন।

নিহত গৃহবধূর স্বামীর নাম জাহাঙ্গীর। তিনি রায়পুরা উপজেলার মরজাল জিরাহি গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর আনুমানিক ভোর ৫টার দিকে পারিবারিক ঘটনার জেরে জাহাঙ্গীর তাঁর স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ওই নারী গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর ৪ নভেম্বর সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *