দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ বরিশাল রেঞ্জের ডিআইজির
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃজুলফিকার আলী হায়দার।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি পিরোজপুর শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দির ও পালপাড়া মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময়কালে ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। পূজামণ্ডপের নিরাপত্তায় ইউনিফর্ম ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন।তিনি আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত তথ্য দিতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান; পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম; পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ; সদর উপজেলা বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র; জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তৌহিদুর ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর পিরোজপুর জেলার সাতটি উপজেলায় মোট ৪৬৪টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৫৭টি মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

