আবুল খায়েরের ভারী যানবাহনে হান্নান সড়ক ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারী

নিজস্ব প্রতিবেদক (দপ্তর সম্পাদক) চট্রগ্রাম:

চট্টগ্রামের হান্নান সড়কে আবুল খায়ের গ্রুপের কারখানার ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকাকালে সড়কটিতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ভোগান্তি আরও তীব্র হয়।

স্থানীয়দের অভিযোগ, আবুল খায়েরের ভারী যানবাহন নিয়মিত চলাচলের কারণে সড়কের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এর ফলে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বছরের পর বছর ধরে এ অবস্থা চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

হান্নান সড়কের আশপাশে রয়েছে ডা. গোলাম মজিদ স্কুল, শহীদ স্কুল, চট্টগ্রাম পলিটেকনিক কলেজ, মডেল স্কুল, বিটিডিসি, সংশ্লিষ্ট সরকারি অফিস, কলসি বিট, আল-জামিয়াতু ইসলামিয়া উলঙ্গ মাদ্রাসা, মহিলা টিটিসি ও এমএস স্কুলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ যাতায়াত করেন।

শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ও ছুটির সময়ে সড়কটিতে শিক্ষার্থী ও সাধারণ পথচারীর পাশাপাশি ভারী যানবাহন চলাচল করায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত সংস্কারের পাশাপাশি ভারী যানবাহন চলাচলের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কের ক্ষয়ক্ষতির কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রশ্ন জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচলের ফলে যদি সড়ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নেবে? বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *