বটিয়াঘাটা কাতিয়ানাংলা কাজীবাছা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৭৫ হাজার টাকা জরিমানা
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকায় কাজীবাছা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়াইখালী,পাশাখালী নিবাসী আঃ হাকিম গাজীর পুত্র মোঃ ইয়াসিন (৩৫) কে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল কাতিয়ানাংলা সংলগ্ন কাজীবাছা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের বিষয়টি ধরা পড়ে। পরে “বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ১৫(১) ধারার ৪(৫) উপধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করেন শোয়েভ শাত-ঈল-ইভান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বটিয়াঘাটা, তার পরিচিতি নং-৯৯০৮২। যার মামলা নং-১৯/২০২৬।
প্রশাসনের অভিযানের ফলে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর, কৃষিজমি ও আশপাশের বিভিন্ন স্থাপনা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, বটিয়াঘাটা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী কাজীবাছা। সরকারি উপজেলা তথ্য অনুযায়ী, বটিয়াঘাটা উপজেলায় কাজীবাছাসহ মোট চারটি নদ-নদী রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

