মাদক নির্মূলে এসিল্যান্ড শিবু দাসের অ্যাকশন: পুঠিয়ায় ঝটিকা অভিযানে ৪ জনের কারাদণ্ড
রাজশাহী প্রতিনিধি:
মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং এলাকায় সামাজিক শৃঙ্খলা ফেরাতে পুঠিয়ায় রাজপথে কঠোর ভূমিকায় নেমেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। তাঁর সরাসরি নেতৃত্ব ও সুনির্দিষ্ট পরিকল্পনায় রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্পর্শকাতর স্থানে এক বিশেষ ও ঝটিকা মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দীঘলকান্দী ও বানেশ্বর এলাকার চিহ্নিত আস্তানাগুলোতে সাঁড়াশি তদারকি চালান এসিল্যান্ড শিবু দাস। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ৪ জন মাদক কারবারি ও সেবীকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পরপরই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। অপরাধের আলামত বিচার বিশ্লেষণ করে আইনের আওতায় চারজনের প্রত্যেককেই ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: নাসির আলী (পিতা: সিকান্দর আলী, বানেশ্বর), মেহেদী হাসান (পিতা: নকির উদ্দিন, খুটিপাড়া), হাফিজুর রহমান রনি (পিতা: আব্দুল মান্নান, দীঘলকান্দী), রফিকুল ইসলাম (পিতা: মো. হামিদ, খুটিপাড়া)
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস মাদক ব্যবস্থার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অবস্থানের কথা ব্যক্ত করে বলেন,
“পুঠিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে এবং আমাদের নতুন প্রজন্মকে একটি নিরাপদ ভবিষ্যৎ দিতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদকের সাথে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করা হবে না। জনস্বার্থে এই ধরনের চমকপ্রদ সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক অ্যাকশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের জিরো-টলারেন্স ভূমিকার প্রশংসা জানিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

