ফটোকপির দোকানে জাল নোট তৈরি, ৪৭ হাজার টাকা সহ ডিবির কাছে ধরা
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৭হাজার জাল নোটসহ টাকা তৈরির কাজে ব্যবহৃত উপকরণ জব্দ করা হয়েছে। রবিবার ৬সেপ্টেম্বর রাত পৌনে নয় টায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে এদিন বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার পয়না বাজারে তারিকুল ইসলামের ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসপি তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযানটি পরিচালনা করেন।
গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজারের আশরাফ আলীর ছেলে। এবং তিনি ওই বাজারে “মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম” নামের দোকানটি পরিচালনা করতেন।
এসপি তারিকুল ইসলাম বলেন, রবিবার জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পয়না বাজারের একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ “মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম” নামের ওই দোকানে অভিযান চালায়। সেখানে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। সেই সাথে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করে পুলিশ।
এসপি আরও বলেন, গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম মল্লিকের ব্যবহৃত কম্পিউটারের মধ্যে জাল নোট তৈরির তথ্য পাওয়া যায়। এবিষয়ে তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, জাল নোট তৈরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং এর মাধ্যমে জাল নোট বাজারে ছড়ানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

