বকশীগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে অনুপস্থিতি ও আর্থিক অনিয়মের অভিযোগ

বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমার বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকা, দাপ্তরিক কার্যক্রমে অনিয়ম এবং প্রকল্পের সুবিধাভোগীদের যথাযথ সহায়তা না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, সরকারি সভা, সেমিনার কিংবা গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচি থাকলেই কেবল তাকে অফিসে দেখা যায়। অন্য সময় তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। ফলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সরকারি সহায়তা প্রদানেও নানা ধরনের জটিলতা ও অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষ করে অসহায় ও অসচ্ছল ভাতাভোগীদের অনেকে সময়মতো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারীদের আরও দাবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিজে নিয়মিত অফিস পরিচালনা না করে দাপ্তরিক বিভিন্ন কাজ অফিসের কর্মচারী হিসেবে কর্মরত কাজের বুয়া শিল্পী আক্তারের মাধ্যমে পরিচালনা করান। এতে সরকারি দপ্তরের শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের প্রশ্ন—এ ধরনের অভিযোগের তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা হবে কবে? একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এত অভিযোগ ওঠার পরও বিষয়টি কেন যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে না, তা নিয়েও আলোচনা চলছে।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে অসহায় ও অসচ্ছল ভাতাভোগীরা যাতে নিয়মিত ও হয়রানিমুক্ত সরকারি সেবা পান, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

তবে অভিযোগগুলোর বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমার বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *