শ্রীবরদী সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, বকশীগঞ্জে ৪০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার
সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে জামালপুরের বকশীগঞ্জে রাতভর অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মারিয়া বেগম ইতি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার স্বামী ও কথিত মাদককারবারি রুবেল মিয়া পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার (১৭ আগস্ট) ভোরে শ্রীবরদী সীমান্তের মেঘাদল টিলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় উত্তর এলাকায় রাতভর অভিযান চালায় বকশীগঞ্জ থানা পুলিশ। অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মারিয়া বেগম ইতি (স্বামী—রুবেল মিয়া) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, অভিযান চলাকালে মাদককারবারি রুবেল মিয়া একটি সুরঙ্গপথ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার মারিয়া বেগম ইতিকে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পলাতক রুবেল মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

