বটিয়াঘাটায় যুবদল নেতার বাড়িতে হামলা, ঘটনাস্থল থেকে উদ্ধার ১ রাউন্ড গুলি
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সির বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার তেঁতুলতলা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২ টার দিকে ৩টি মোটরসাইকেল যোগে ৬ জন ব্যক্তি বাহাদুর মুন্সির বাড়ির সামনে আসে। তারা প্রথমে বাড়ির সামনে দুটি ফাঁকা গুলি ছোড়ে। পরে তাদের মধ্যে ৩ জন বাড়ির ভেতরে প্রবেশ করে আরও ৩ টি গুলি ছোড়ে। এর একটি গুলি ঘরের জানালায় গিয়ে লাগে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ সময় বাহাদুর মুন্সির মা ও পাশের ঘরে থাকা তাঁর ছোট ভাইয়ের স্ত্রী বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে গ্রামের নিচপাড়া দিয়ে চলে যায় বলে দাবি পরিবারের।
ঘটনার পরপরই বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বিষয়টি জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, কারা তাদের বাড়িতে এসে গুলি চালিয়েছে, সে বিষয়ে তারা ধারণা করতে পেরেছেন, তবে তদন্ত স্বার্থে তা প্রকাশ্যে না এনে প্রকৃত দোষিদের গ্রেফতার করতে পরিবারের পক্ষ থেকে আইনের সহায়তা চাওয়া হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও গুলিবর্ষণের কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

