মাটির নিচে পুঁতে রাখা ড্রামে মিলল ১১ কেজি গাঁজা, নারী মাদক কারবারি আটক
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাসলিমা নামে এক নারীকে আটক করেছে ডিএনসি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে চাঁদপুর শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর বাইপাস সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের একটি দল অভিযানে অংশ নেয়।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাসলিমাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বিশেষ কৌশলে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রামের সন্ধান পান অভিযানকারী সদস্যরা। ড্রামটি মাটি থেকে তুলে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দ করে ডিএনসি হেফাজতে নেয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আটক নারী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

