চাঁদপুরে অনুমতি ছাড়াই নদীতীরে দুই হোটেল নির্মাণের অভিযোগ
মোঃ জাবেদ হোসেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় মেঘনা নদী ও নদীতীরের অংশ দখল করে ‘জলবিলাস’ ও ‘হাওয়া বদল’ নামে দুটি হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে। এর মধ্যে ‘জলবিলাস’ নামে একটি হোটেল প্রায় এক বছর ধরে চালু রয়েছে। অপরদিকে ‘হাওয়া বদল’ নামে আরেকটি বড় হোটেলের নির্মাণকাজ চলছে।
সরেজমিনে দেখা যায়, ষাটনল লঞ্চঘাটের গ্যাংওয়ের দক্ষিণ পাশে ‘জলবিলাস’ এবং উত্তর পাশে ‘হাওয়া বদল’ হোটেল রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর জায়গা ও তীরের অংশ দখল করেই এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিআইডব্লিউটিএ কোনো হোটেলকেই অনুমতি দেয়নি এবং এ বিষয়ে কোনো আবেদনও করা হয়নি।
‘হাওয়া বদল’ হোটেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা নদীর কোনো অংশ দখল করেনি। জমিটি তাদের পূর্বপুরুষদের এবং প্রয়োজনীয় বৈধতার জন্য কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে।
এদিকে ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার জানান, ‘হাওয়া বদল’ হোটেলের পক্ষ থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা হলেও এখনো তা দেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীতীরে স্থাপনা নির্মাণ চললেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নদী ও সরকারি জায়গা দখল রোধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

