কুমিল্লায় র্যাব-১১-এর অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ জাবেদ হোসেন: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
র্যাব-১১ জানায়, বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার রঘুরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. অন্তর (২৫) ও মো. বাধন (২৩) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১০০ কেজি অবৈধ গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোহা গাড়ির মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিল।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে র্যাব-১১ জানায়, ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৭৬০ জনের বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হত্যা, অস্ত্র, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধে জড়িত অসংখ্য আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

