শেরপুরের নকলায় জুলাই শহীদ দিবস এবং গণঅভ্যূত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় “জুলাই শহীদ দিবস ২০২৬” এবং “জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
মঙলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য দেন নকলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া ও পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম প্রমুখ।
সভায় দিবস দু’টি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্মরণসভা, সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব আয়োজনে স্মরণসভা, আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও তাদের প্রতিনিধি, উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

