লবণচরায় ২ মাদক ব্যবসায়ী ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:

খুলনা লবণচরা থানা পুলিশ বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে, সোমবার (১৩ জুলাই) রাত ৮:২০ টার দিকে। লবণচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় “মেসার্স শেফা মেডিকেল হল”-এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার হন রূপসা উপজেলার মিল্কি দেহারা গ্রামের মো. সিমবাদ চৌধুরী (২৮) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের বাসিন্দা, বর্তমানে খুলনা সদর বড় বাজার রেলস্টেশন এলাকায় বসবাসকারী মো. রুবেল হাওলাদার (৩১)।
তাদের কাছ থেকে বড় স্বচ্ছ পলিথিনে স্কচ টেপ দিয়ে মোড়ানো ১১টি প্যাকেটে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে পূর্বে দৌলতপুর থানায় মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে একটি মামলা রয়েছে। এছাড়া রুবেল হাওলাদারের বিরুদ্ধে ২০১৩ সালে বটিয়াঘাটা থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল।
লবণচরা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *