জেলার শ্রেষ্ঠ ওসি কচুয়ার আজিজুল ইসলাম, বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত থানার পাঁচ কর্মকর্তা

মোঃ জাবেদ হোসেন: চাঁদপুর জেলার জুন-২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশসহ থানার পাঁচ কর্মকর্তা মাননীয় পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) চাঁদপুর পুলিশ লাইন্স হলরুমে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, কর্মদক্ষতা, পেশাগত সাফল্য, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কার্যক্রমে সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (বেস্ট ওসি) হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে পুলিশ সুপার তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় কচুয়া থানার আরও পাঁচজন কর্মকর্তা সম্মাননা ও পুরস্কার লাভ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা লাভের পর ওসি মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, এই স্বীকৃতি কচুয়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *