পিরোজপুরে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা পরিষদের মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও যানজটমুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যে রবিবার (৫ জুলাই) সকাল ৯টায় শহরের সি অফিস সংলগ্ন বৈদ্যপাড়া মোড়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রধানমন্ত্রী তারেক রহমানের এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন। এ সময় তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করেই আমরা পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পিরোজপুর গড়ে তুলতে চাই। পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক সচেতনতার প্রতিফলন। সকলের সম্মিলিত অংশগ্রহণেই এই উদ্যোগ সফল হবে।”
উদ্বোধনের পর বৈদ্যপাড়া মোড় থেকে পালপাড়া সড়ক হয়ে পুরাতন খেয়াঘাট পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পিরোজপুর পৌরসভার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন সড়ক, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে পিরোজপুর পৌরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *