গণরায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণমিছিল ও সমাবেশ। শনিবার (৪ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে শহরের প্রধান সড়কগুলো মুখরিত হয়ে ওঠে।
বিকেল সাড়ে ৫টায় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলীমের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব। গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি দেশের বৃহত্তর স্বার্থে জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত গণরায় বাস্তবায়নেরও আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ড. হাবিবুর রহমান, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, হরিণাকুণ্ডু উপজেলা আমির বাবুল হোসেন মাস্টার, এনসিপির শামসিল আরেফিন কায়সারসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ এ কর্মসূচির মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তারা।##

